অভিনেত্রী আঁচল আঁখির বিয়ের খবর জানা গিয়েছিল ২০২১ সালে। সময়ের হিসাবে আড়াই বছরেরও বেশি, তিন বছরের সামান্য কম। সে বছর ১৫ ফেব্রুয়ারি গায়ক সৈয়দ অমিকে বিয়ে করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। এরপর গায়ক স্বামীর সঙ্গে সুন্দর দিনই কাটছিল। কিন্তু আকস্মিকভাবে সামাজিক মাধ্যমের সামান্য বিপত্তির কারণে শিরোনাম হলেন পত্রিকার। দেশের প্রথম সারির গণমাধ্যমেও আঁচল আঁখির বিয়ের খবর প্রচার হচ্ছিল নতুন করে, আর এতেই বিরক্ত নায়িকা। বললেন, ‘একটা মানুষের কবার বিয়ে হয়? একের পর এক ফোন পাচ্ছি।’ অবশ্য নিমিষেই বিরক্তি দূর করে ঝলমলে কণ্ঠে বললেন, ‘আমরা ভালো আছি ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন।’ বিয়ে করেছেন, সংসার সুন্দর চলছে তাহলে বিপত্তিটা কীভাবে তৈরি হলো? আঁচল জানালেন, সৈয়দ অমির ফেসবুক অ্যাকাউন্ট মাস তিনেক আগে নিষ্ক্রিয় হয়। এরপর একদিন আগে নতুন একটি অ্যাকাউন্ট খোলে। সেটা থেকে ম্যারিটাল স্ট্যাটাস হালনাগাদ করেন।
অভিনেত্রী বলেন, ‘স্বাভাবিকভাবেই অমি আমাকে ট্যাগ করেন। আমি সেটা অ্যাকসেপ্ট করি। সবাই গট ম্যারিড লেখাটা দেখল তারিখ দেখল না। এরপর হলো খবর। ফেসবুকেও নানাজন কটূ কথা বলতে ছাড়ল না। মনটাই খারাপ হয়ে গিয়েছিল।’ মন খারাপ থেকে সরে এসে নিজের বিয়ের গল্প শুরু করলেন শাকিব খানের ফাঁদ দ্য ট্র্যাপের নায়িকা। বললেন, ‘২০২০ সালের শেষভাগে সৈয়দ অমি আমাকে একটা গান শোনাতে চাইছিল, শুনে ভালো লাগলে আমি যেন মডেল হই। কিন্তু আমি মিউজিক ভিডিও করতে আগ্রহী না। সেও লেগে রইল। একটা সময় শুনে মনে হলো করা যায়। গানটা পরিচিতি পেল। আমারও ভালো লেগেছিল। পরে আমি তাকে ফোন করে বিষয়টি জানাই। সে শুনে চমৎকৃত হয়। আমাকে খাওয়াতে চায়।’
নাটকীয় দিকে মোড় নিচ্ছিল গল্পের, এ জন্য একটু দম নিয়ে বললেন, ‘গুলশানে একটা রেস্তোরাঁয় দেখা করি, খাই। তারপর সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। আমি অবাক হই। মানুষ প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু তাই বলে সরাসরি বিয়ের প্রস্তাব? যা হোক, নিজেকে সামলে বাসায় চলে এসেছিলাম এবং আমার অজান্তে সেই প্রস্তাব আমাকে ভাবাচ্ছিল। ১৪ ফেব্রুয়ারিতে আমি তাকে ফোন করে বলি, বের হও। তোমার মায়ের সঙ্গে দেখা করব। সে আমার কথা বুঝে উঠতে পারছিল না। আমি সিরিয়াস বলছি নাকি মজা করছি সেটা একটা বিষয় বটে। ও বের হলো। আমরা কুমিল্লা চলে গেলাম ওর মায়ের বাসায়। ১৫ ফেব্রুয়ারি বিয়ে করলাম।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আঁচল আঁখি সম্প্রতি জায়েদ খানের সঙ্গে একটি নাচে অংশ নিয়েছিলেন। এই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এ বিষয়ে আরিফিন শুভর কিস্তিমাত ছবির নায়িকার ভাষ্য, ‘জায়েদ খান তো ডিগবাজি দিয়েছে, তাই ভিডিও তো ভাইরাল হবেই। শুধু ডিগবাজি মজা করে বলেছি, সে আমার বন্ধু, তার নাচের স্টেপগুলো ভালো হচ্ছে। বন্ধু হিসেবে আমিও তাকে সাহায্য করেছি।’