সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই গতকাল শুক্রবার থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শনিবার এ খবর জানায় গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই গতকাল সকাল থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে ১৭৮ ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অন্তত ৬০০জন।
এ ছাড়া এক দিনেই প্রচুর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ইসরায়েলি হামলায়।
নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে খান ইউনিস ও রাফাহ শহরের দক্ষিণাঞ্চল।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় টানা ৭ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর পরই গাজায় রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়। এ বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাস ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ছোড়ায় গাজায় ফের হামলা শুরু হয়েছে।
যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দোষারোপ করছে যে তারা চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি।
অন্যদিকে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার বলছে যে, আরেকটি যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনা অব্যাহত রয়েছে।