এবার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া

প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর এবার একই পথে হাঁটছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার মহাকাশে সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশাল ফ্যালকন ৯ রকেটের সাহায্যে স্যাটেলাইটটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ এক প্রতিবেদনে জানিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে ৩০ সেন্টিমিটার বা ১১ দশমিক ৮ ইঞ্চির মতো ছোটো বস্তুকেও শনাক্ত করা সম্ভব।

ছবির মান এবং পৃথিবীর কোনো বস্তুর ওপর নজর রাখার সক্ষমতার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচ গোয়েন্দা স্যাটেলাইটের মধ্যে রয়েছে এটি।

গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা স্যাটেলাইটটি দ্বারা দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার ওপর নজরদারি করতে পারবে। ২০২৫ সালের মধ্যে মহাকাশে চারটি গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার। পুরো উত্তর কোরিয়াকে নজরদারির আওতায় নিয়ে আসতেই এ পরিকল্পনা তাদের।

এর আগে গত মাসে উত্তর কোরিয়া দাবি করে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। চলতি বছর এর আগে আরও দুবার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবার পর তৃতীয় বারের প্রচেষ্টায় সফল হয় পিয়ংইয়ং।