স্থগিত ঘোষণার পরেও শুরু ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’

আইয়ুব বাচ্চুর পরিকল্পনা ও চ্যানেল আইয়ের উদ্যোগে ৯ বছর আগে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ডিসেম্বরের প্রথম দিনে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বেগবান হয় ২০২২ সালে। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) যুক্ত হয় প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর এই পরিকল্পনার সঙ্গে।

বামবা’র পক্ষ থেকে রাজনৈতিক কারণ দেখিয়ে এবারের আয়োজন স্থগিত রাখার আনুষ্ঠানিক ঘোষণা এলেও পরদিন শনিবার (২ ডিসেম্বর) ঠিকই চ্যানেল আই প্রাঙ্গণে হলো ‘ব্যান্ড ফেস্ট ২০২৩’! সকাল ১১টা ৫ মিনিটে প্রতিষ্ঠানটির চেতনা চত্বরে শুরু হয় এবারের আয়োজন। যেটা গতবছর হয়েছিলো একই দিনে রাজধানীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যু আর্মি স্টেডিয়ামে। 

এবারের ছোট আসরে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, ম্যাকানিক, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র এবং ব্যান্ড তরুণ। আরও পারফর্ম করেছেন মেহরীন, চ্যানেল আই সেরাকণ্ঠ ৭ম আসরের শিল্পীরা। এবারের আয়োজনের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন ইজাজ খান স্বপন।

স্বপন বলেন, ‘প্রায় এক দশক আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘ব্যান্ড ফেস্ট’। এরপর প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে ওঠে এই উৎসব। আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন আরও বিস্তৃত পরিসর পায় ২০২২ সালে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)। ১ ডিসেম্বর ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দেওয়া হয়। সেই সাথে ডিসেম্বরের প্রথম শুক্রবার জমকালো আয়োজনে কনসার্ট আয়োজন করার পরিকল্পনা করা হয়। গেল বছর সেটি হয়েছে। তবে এ বছর নির্বাচনী কার্যকলাপের কারণে সেটি বিস্তৃত পরিসরে না হলেও চ্যানেল আই চত্বরে ছোট পরিসরে করতে পেরেছি, এটাই বড় বিষয়।’