হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই ও ঢাকা কাস্টমসের যৌথ বিশেষ অভিযানে গতকাল শনিবার চার যাত্রীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যৌথভাবে অভিযান চালান। তখন ইউএস বাংলা এয়ারলাইনসে দুবাই থেকে মো. আলী হোসেন ও এমিরেটস এয়ারলাইনসে করে জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) এবং যাত্রী মোহাম্মদ জুম্মন খান ঢাকায় বিমানবন্দর আসেন। পরে তারা পায়ুপথে সোনা নিয়ে এসেছে বলে সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। এরপর উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের পায়ুপথে সোনার অস্তিত্ব লক্ষ্য করা যায়।
তিনি আরও জানান, পরে বিশেষ কায়দায় আলী হোসেনের কাছ থেকে ৮৮০ গ্রাম ওজনের তিনটি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড, গোল্ড বিস্কুট এবং অলংকারসহ ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। এরপর জসীম উদ্দিনের কাছ থেকে নয়টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড, গোল্ড বিস্কুট এবং অলংকারসহ ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। এ ছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১ কেজি ৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়। অন্যদিকে লিটু মিয়ার কাছ থেকে ২ কেজি ১৬৪ গ্রাম সোনা পাওয়া যায়। আটককৃতদের কাছ থেকে জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা।