জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকের রোমাঞ্চশেষে ফ্রান্সকে হারিয়েছে জার্মানি। মানাহান স্টেডিয়ামে এ জয়ের ফলে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল দেশটি।

ম্যাচ শুরুর ২৯ মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে প্রথম গোল এনে দেন প্যারিস ব্রুনার। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ম্যাক মোয়েরস্টেডের অ্যাসিস্ট থেকে গোল করেন নোয়াহ ডারভিখ। ৫৩ মিনিটে নোয়া সাঙ্গুইয়ের অ্যাস্টিস্ট থেকে স্কোরশিটে নাম ওঠান সাইমন বুয়াব্রে। ম্যাচের ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মানির উইনার্স ওসাওয়ে। দশজনের দলে পরিণত হওয়া জার্মানির রক্ষণে আক্রমণ বাড়িয়ে দেয় ফ্রান্স। ম্যাচের ৮৫ মিনিটে টিডিয়াম গোমিসের বাড়ানো বল থেকে গোল করেন মাথিস অ্যামৌগৌ। 

পেনাল্টি শুটআউটে জার্মানির প্রথম শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার পল আর্গনে। ফ্রান্সের তৃতীয় শট নিতে এসে লক্ষ্যচ্যুত হন নোয়া সানগুই। ফ্রান্সের চতুর্থ শট ঠেকিয়ে দেন সেমিফাইনালের নায়ক জার্মান গোলরক্ষক কনস্টানটিন হেইডে।

জার্মানির পঞ্চম শট ঠেকিয়ে দেন আর্গনে। খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেও প্রথম শটটি ঠেকিয়ে দেন হেইডে। তবে এবার ভুল করেননি আলমুগেরা কাবার। ফ্রান্সের তরুণদের হৃদয় ভেঙে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন জার্মানির তরুণরা।