লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ড্রোন সক্রিয়তা ও সম্ভাব্য বিস্ফোরণের খবর দিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও)। আজ রবিবার (০৩ ডিসেম্বর) তারা এই দাবি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইউকেএমটিও জানিয়েছে, ড্রোন সক্রিয়তার উৎস ইয়েমেন। ওই জলসীমার আশপাশে থাকা নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেনি। অপরদিকে এ ঘটনা সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি হুথিরাও।
গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। গত মাসে ইসরায়েল সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করে ইয়েমেনের ইরানপন্থি হুথিরা। এর আগেও তারা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।