ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে নতুন স্বল্পব্যয়ী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রবিবার (১৭ মে) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যে পরিচালিত একাধিক অভিযানে এই নতুন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। রয়্যাল এয়ার ফোর্সের নবম স্কোয়াড্রনের টাইফুন যুদ্ধবিমানগুলো এসব অভিযানে অংশ নেয়। এই মিশনের লক্ষ্য ছিল ওই অঞ্চলে ব্রিটিশ স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের অংশীদার প্রতিষ্ঠান বিএই সিস্টেমস ও কেনাটি কিউ-এর দ্রুত গবেষণা, ক্রয় ও পরীক্ষামূলক কার্যক্রমের ফলে এই প্রযুক্তি মাত্র দুই মাসেরও কম সময়ে পরীক্ষামূলক পর্যায় থেকে সরাসরি অপারেশনাল ব্যবহারে নেওয়া সম্ভব হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই সিস্টেমটি লেজার গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে অনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রকে স্বল্প খরচে অত্যন্ত নির্ভুল অস্ত্রে রূপান্তর করা যায়, যা শত্রুপক্ষের ড্রোনসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কম খরচে এমন প্রযুক্তি উন্নয়ন ব্রিটিশ বাহিনী ও তাদের মিত্রদের জন্য ড্রোন হুমকি মোকাবিলায় আরও কার্যকর ও টেকসই সমাধান হিসেবে কাজ করবে।
