সিলেটে সংঘর্ষ ‘থামাতে গিয়ে’ প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল্লাহ মিয়া (৩৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল্লাহ মিয়া (৩৮) উপজেলার সুন্দাউরা গ্রামের প্রয়াত আয়াত উল্লার ছেলে। তিনি উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত শনিবার স্থানীয় দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি গ্রামভিত্তিক চলে যায়। এর জেরে আজ সকাল ৮টার দিকে উপজেলার পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামবাসীর মধ্যে মারামারি বাঁধে। মারামারি থামাতে এগিয়ে যান আব্দুল্লাহ। তখন আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।