সিলেটে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:৪৮ পিএম
সিলেটের মৌলভীবাজারে থামছে না হামের প্রাদুর্ভাব। এবার হাম উপসর্গে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে, যার মধ্যে কেবল মৌলভীবাজার জেলার ৫ জন প্রাণ হারিয়েছেন।
 
​মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুটি শিশুই সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা ৬ মাস বয়সী শিশু ইশিতা কাহার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অন্যদিকে, মৌলভীবাজার সদর উপজেলার ৯ মাস বয়সী শিশু সুমিতা সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
​মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২৫০ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে আরও ১২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
​সর্বশেষ মঙ্গলবার (১৯ মে) দুপুরের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বর্তমানে ১৯ জন হামের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত শিশুদের মধ্যে হামের প্রকোপ বেশি দেখা গেলেও এবার বড়দের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে দুজনের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত