কাতার বিশ্বকাপের পর চড়া দামেই চেলসিতে যোগ দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। জানুয়ারিতে দলে যোগ দিয়ে প্রথম মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের দেখা পাননি তিনি। এবারের মৌসুমেও লিগে নিজের ১৩তম ম্যাচে এসে গোল পেলেন এনজো। আজ এনজোর জোড়া গোলের দিনে চেলসি ৩-২ এ হারিয়েছে ব্রাইটনকে।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৭ মিনিটে গোল করেন এনজো। এই আর্জেন্টাইন ইপিএলে নিজের ৩১তম ম্যাচে এসে পেলেন প্রথম গোল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লেভি। ৪৩ মিনিটে এক গোল শোধ দেন ফাকুন্দো বুনানোত্তি। প্রথমার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির কনর।
বাকি সময় একজন কম নিয়ে খেললেও দাপট ছিল চেলসিরই। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এনজো। যোগকরা সময়ে আরও এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
আরেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল ৪-৩ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। ৮৬ মিনিট পর্যন্ত ৩-২ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। ৮৭ মিনিটে ওয়াতারু এন্ডো ও পরের মিনিটে ট্রেন্ট আলেকজান্দার গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।