পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ওষুধ উৎপাদনকারী কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুজন পরিচালক ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। স্কয়ার ফার্মার পরিচালক রতœা পাত্র ও তপন চৌধুরী এ শেয়ার কিনবেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনার এ ঘোষণা দিয়েছেন কোম্পানিটির পরিচালকরা।
স্কয়ার ফার্মার পরিচালক রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নিজ কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মূল বাজার ও ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এ শেয়ার কিনবেন। একই দিনে স্কয়ার ফার্মার আরেক পরিচালক তপন চৌধুরীও সমপরিমাণের শেয়ার কেনার ঘোষণা দেন। তিনিও ডিএসইর মূল মার্কেট ও ব্লক মার্কেট থেকে শেয়ার কিনবেন।
দেশের ওষুধ শিল্পের সেরা প্রতিষ্ঠান স্কয়ার ফার্মার পরিশোধিত মূলধন হচ্ছে ৮৮৬ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৪ দশমিক ৬৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পুঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপের কারণে এক বছরেরও বেশি সময় ধরে মৌলভিত্তির প্রায় সব কোম্পানির শেয়ারের দর আটকে আছে। গতকাল ডিএসইতে এ কোম্পানির শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ২০৯ টাকা ৮০ পয়সায়। পরিচালকদের শেয়ার কেনার ঘোষণায় হয়তো এর মূল্য বাড়তে পারে। ০