জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে মো. হাবিবুর রহমান (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় নাছির আহমেদ ও উকিল মিয়া নামে আরও দুই চোর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাবিবুর রহমান বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকার চর এলাকার আব্দুল হকের ছেলে। আহত নাছির আহমেদ ও উকিল মিয়া শেরপুর জেলার বাসিন্দা। তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন চোর ইসলামপুর থেকে জামালপুর দিকে ট্রাকে করে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দেয়। পরে ট্রাকটি বসত বাড়ির ভিতরে ঢুকে পড়ে ও ট্রাক উল্টে যায়। এতে একজনের মৃত্যু হয়। এ সময় আরও দুইজন চোর আহত হয়। ওই ট্রাকে ৪টা গরু ও ২টি মহিষ ছিল।
স্থানীয় কয়েকজন বলেন, ‘ট্রাকে ৮-৯ জন চোর ছিল। চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। এ সময় আরও দুইজন দুই জায়গায় পড়েছিল। বাকী চোর পালিয়ে গেছে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রাকে করে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাক উল্টে এক চোর মারা গেছে। এ সময় আরও দুই চোর আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’