আরও ৬ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

যুদ্ধের মধ্যেই আরও কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। নিজেদের জিম্মায় থাকা থাই নাগরিকদের মধ্যে ৬ জনকে মুক্তি দিয়েছে তারা।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হয় এবং আজই বিমানে করে তাদের থাইল্যান্ডে পৌঁছে দেয়া হবে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে আরও নয়জন থাই নাগরিক রয়েছেন। তাদের মুক্ত করতে চেষ্টা করছে দেশটির সরকার।

ইসরায়েলে প্রায় ৩০ হাজারের মত থাই নাগরিক বসবাস করেন এবং তাদের অধিকাংশই দেশটির উত্তর-পূর্বের কৃষি শ্রমিক। ইসরায়েলের গ্রাম ও শহরতলী এলাকাগুলোর বিভিন্ন খামারে কাজ করেন তারা।

৭ অক্টোবরের হামলায় প্রায় ৩২ জন থাই নাগরিককে জিম্মি করেছিল হামাস। এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ১৭জন থাই নাগরিককে মুক্তি দিয়েছিল হামাস।

ব্যাংকক এবং থাই মুসলিম গোষ্ঠী হামাসের কাছ থেকে বাকি থাই জিম্মি উদ্ধারে কাজ করে যাচ্ছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ২৯ জন থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ইতিমধ্যে ইসরায়েল থেকে ৮,৫০০ জনেরও বেশি থাই নাগরিক সরিয়ে নিয়েছে দেশটি।