মিয়ানমারে আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা, শতাধিক জান্তা সেনা নিহত

মিয়ানমারের শান রাজ্যের কনক্যান এলাকায় বিদ্রোহীদের হামলায় দেশটি জান্তা সরকারের অনুগত সেনাবাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে। গত সপ্তাহে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে পালাতে গিয়ে বিদ্রোহী যোদ্ধাদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

বিদ্রোহীদের বরাত দিয়ে সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদন এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) জানায়, জান্তা সেনাদের ২৮০ সদস্যের একটি দল বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে যাচ্ছিল। সেসময় শতাধিক সেনা নিহত হয়।

মিয়ানমার নাউ বলছে, সেনা নিহত হওয়ার একটি ভিডিও তারা হাতে পেয়েছে। তাতে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক পরা অসংখ্য সেনার মরদেহ দেখা যাচ্ছে। লাশগুলো রক্তেভেজা এবং সেগুলোর পাশে তাদের অস্ত্রসশস্ত্রও রয়েছে। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে এমএনডিএএ। তাতে দেখা গেছে, তারা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।

 প্রতিবেদনে জানা যায়, সেনা নিহত ঘটনার আগে গত ২৮ নভেম্বর এমএনডিএএ বাহিনীর কাছে মিয়ানমারের জান্তা বাহিনীর পুরো একটি ব্যাটালিয়ন আত্মসমর্পণ করে। জবাবে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাটিতে বিমানহামলা চালায় জান্তা সেনারা।