পাঁচ মাস পর স্বামীর মরদেহ পেলেন স্ত্রী

জীবিকার তাগিদে চলতি বছরের ১২ মার্চ সৌদি আরবে গিয়েছিলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মো. হানিফ (৩৩)। তিনি কাজ করতেন রাজমিস্ত্রির। কিন্তু তাকে সৌদির আবহা শহরে ভেড়া চরানোর চাকরি দেওয়া হয়। সেখানে মালিক তাকে শারীরিক নির্যাতন করতেন।

বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে জানানোর পর তারা যোগাযোগ বন্ধ করে দেয়। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গত ১৬ জুন রিয়াদের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন স্থানীয় সময় বিকাল ৩টায় হানিফ মারা যান।

মৃত্যু পাঁচ মাস পর অবশেষে আজ সোমবার (৪ ডিসেম্বর) স্বামীর লাশ বুঝে পান স্ত্রী আফিয়া খাতুন। গতকাল রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হানিফের লাশ দেশে আনা হয়।

স্বামীর লাশ দেশে আসছে-এ খবর আফিয়া জানতে পারেন গত শনিবার সন্ধ্যায়। আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ বুঝে পান। কফিনে মোড়ানো লাশ নিয়ে দুপুর ১২টা নাগাদ নোয়াখালীর দিকে রওনা দেন আফিয়া ও তার স্বজনেরা।

আজ বিকেলে মোবাইল ফোনে আফিয়া বলেন, ‘অবশেষে স্বামীর লাশ পেলাম।’ বাবার লাশ দেখে মেয়ে এবং ১১ ও ৮ বছরের দুই ছেলের কান্না থামছে না বলে জানান আফিয়া। আরও বলেন, নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয় বলে জানতে পেরেছেন তিনি।