চাকরির কথা বলে সৌদি নিয়ে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ১

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৪৯ পিএম

সরকারি অফিসে মাসে ৫০ হাজার টাকা বেতনের চাকরির লোভ দেখিয়ে রহিমা আক্তার নামে গৃহবধুকে সৌদি আরবে নিয়ে যায় মানবপাচারকারী চক্র। সেখানে নিয়ে চাকরি না দিয়ে শুরু করে নির্যাতন।

এ ঘটনায় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম মো. মোবারক (৫৫)।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ১১ এপিবিএন এর একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এপিবিএন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোছা. রহিমা আক্তার (৪৫) এর ছেলে রুবেল প্রামানিক ১১ এবিপিএন এর কাছে অভিযোগ করেন মো. মোবারক (৫৫) ও হাজী মফিজ উদ্দিন (৫৫) তার মাকে ৫০ হাজার টাকা বেতনে সরকারি অফিসে কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে সৌদি আরব পাঠায়। সেখানে পৌঁছানোর ১৫ দিন পর তার মা ফোনে জানান, কথা অনুযায়ী কাজ না দিয়ে সৌদি আরবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে।

পরে রুবেল প্রামানিক ১১ এপিবিএন এর সহায়তায় ডিএমপির তেজগাঁও থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। ওই মামলায় আসামি মোবারকে গ্রেপ্তার করে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত