ইনডিয়া জোটের সভা হচ্ছে জানেন না মমতা!

আগামীকাল বুধবার সভায় বসতে যাচ্ছে ভারতে বিজেপিবিরোধী দলগুলোর জোট ইনডিয়া। কিন্তু এই জোটে শুরু থেকে সরব তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানেন না যে বুধবার একসাথে বসবে ইনডিয়ার নেতারা! তাই বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সভায় থাকার বদলে থাকবেন উত্তরবঙ্গের এক অনুষ্ঠানে।

এনডিটিভি এক প্রতিবেদন জানিয়েছে, ভারতের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ইনডিয়া জোটের ভরাডুবির জন্য জোটে কংগ্রেসের আসন বণ্টনে অব্যবস্থাপনা ছিল বলে গতকাল সোমবার মন্তব্য করেন মমতা। এবার জোটের বুধবারের সভায় উপস্থিত থাকছেন না জানালেন।

অবশ্য মমতা সভায় না থাকার সপক্ষে নিজস্ব কারণ জানিয়ে বলেছেন, ‘আমি এটা (সভা হবে) জানতাম না। এজন্য উত্তরবঙ্গে আমার কর্মসূচি নির্ধারণ করে ফেলেছি। সেখানে ৭ দিনের কর্মসূচি আমার। সভা হবে এমনটি যদি আগে জানতাম তাহলে কি এই কর্মসূচি রাখতাম নাকি? আমি নিশ্চিত সভাতে যেতাম। কিন্তু যেহেতু আগে জানা ছিল না তাই উত্তরবঙ্গের কর্মসূচিতে যাচ্ছি।‘

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন,’এটাতো সেরকম সভা না, এটা অনেকটা অঘোষিত সভার মতো।’ বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে বিজেপির জয়ের পর গতকাল ইনডিয়া জোটের এই সভা আহ্বান করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে।

এনডিটিভি বলছে, মমতা থাকছেন না ইনডিয়া জোটের এ সভায়, সূত্র জানিয়েছে তার দল তৃণমূল কংগ্রেসও এ সভায় থাকবে না।