হাটহাজারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে দুইটি ট্রাকের মুখামুখি সংঘর্ষে চালক মো: আলমগীর (৩৫) ও সহকারী রুবেল (২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকার বাসিন্দা।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার ভোরে পাথর ও রবারবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবার বোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি জব্দ করেন।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আনিসুর রহমান।