রুপালি পর্দায় ‘মন্দ মানুষ’ বলেই পরিচিত মিশা সওদাগর। ভালো নাম শাহিদ হাসান। তার মত অসৎ মানুষ আর একটিও খুঁজে পাওয়া যায় না! কিন্তু পর্দার বাইরে চমৎকার বন্ধুসুলভ এবং আন্তরিক একজন মানুষ তিনি। এছাড়া রূপালি পর্দায় নায়ক-নায়িকাদের প্রেমে সবসময় বাগড়া দিলেও বাস্তব জীবনে মিশা একেবারেই আলাদা। বেশ রোমান্টিক।
তিনি নিজেই টানা ১০ বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম মিতা। দাম্পত্য জীবনে নিজেদের ভালোবাসাকে অটুট রাখতে কেউই ছাড় দেন না। তবে স্ত্রীর প্রতি মিশার ভালোবাসার দারুণ একটি প্রমাণ মেলে ‘মিশা’ নামটিতে। চলচ্চিত্রে অভিনয়ের সময়ে স্ত্রীর নামের প্রথম অক্ষর ‘মি’ আর নিজের শাহিদ নামের ‘শা’ দিয়ে নাম রাখেন মিশা। সে নামেই তিনি চলেছেন ঢাকাই ছবিতে খল অভিনেতা হিসেবে কিংবদন্তির পথে।
আজ মিশা-মিতা দম্পতির ৩০তম বিবাহবার্ষিকী। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। আজ দিনভর মিশা সওদাগর ও তার স্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কাছের মানুষরা।
মিশা এ ব্বিষয়ে ফেসবুকে লিখেছেন, ৩০ বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে ,মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা জননী। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে তার স্ত্রী। জেতার মান সম্মান অর্থ প্রতিপত্তি সুখ-দুঃখ আনন্দ বেদনা সন্তান-সন্ততির আমানত হিসেবে রক্ষা করে। তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা। আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহ বার্ষিকী।