মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘জেলা আওয়ামী লীগের সবাইকে সাথে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। সব সময় আমি কাজে বিশ্বাস করি। কাজের মাধ্যমেই সব কিছুর প্রমাণ দিতে চাই। মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলবো।’
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের জমরুতলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিতসভায় সাকিব এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বর্ধিতসভায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ বক্তব্য রাখেন, মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুলসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় দলীয় নেতারা আসন্ন সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
পরে বর্ধিতসভায় সাকিব আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তিনি নির্বাচনী প্রচরণাকালীন সময়ে তাদের সহযোগিতা কামনা করেন।