মাগুরা জেলার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মে) সকাল ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাগুরা আ.ন.ম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, উপ-সহকারী প্রকৌশলী মশিয়ার রহমান, আব্দুস সাত্তার এবং আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার উন্নয়নে তিনি এলজিইডি ও অন্য ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছেন। তিনি জানান, নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার ও শক্তিশালীকরণ এবং ইউনিব্লকের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া তিনি টেকসই খাল খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ এবং খননকৃত মাটি সঠিকভাবে সংরক্ষণের ওপর জোর দেন। পাশাপাশি তিনি মঘি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৩ লাখ টাকা বরাদ্দে ডিও লেটার দিয়েছেন এবং JRRIDP-২ প্রকল্প ও সিরিজদিয়া ইকোপার্ক বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ।
জানা যায় এস পি ধারণ FCD নং-১১০০৭ এর আওতাধীন এই প্রকল্পে মোট সদস্য সংখ্যা ১৪৫ জন। প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় কাপাসহাটি খালের মোট দৈর্ঘ্য ১.৩২২ কিলোমিটার, যার মধ্যে পূর্ণ খনন কাজের দৈর্ঘ্য ১.০৭০ কিলোমিটার। এছাড়াও দীঘা বিলের পূর্ণ খনন কাজের দৈর্ঘ্য ০.২৫২ কিলোমিটার।
খালের পাড় সংরক্ষণে গাছ লাগানো বা জিও ব্যাগ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কাপাসহাটি খাল খননের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭,৩৪,৭৯৯ টাকা এবং দীঘা বিল খননের ব্যয় ৪,৯৭,৪২২ টাকা। উপ-প্রকল্পের মোট এলাকা ৭১৮ হেক্টর, যার মধ্যে উপকৃত এলাকা ৪৬০ হেক্টর।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার জন মানুষ সরাসরি উপকৃত হবে। প্রকল্পটির মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং মৎস্য চাষের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
