সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দশম দফায় আজ বুধবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করেছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ছাড়া সারা দেশ থেকে ২৪ ঘণ্টায় ২৮৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দিনাজপুরে সোমবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সকালে কুড়িল বিশ্বরোড এলাকায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। পরে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ভাগাভাগির নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে আসা হচ্ছে। তথাকথিত জোটের যারা একটু মনঃক্ষুন্ন হচ্ছেন, তাদের হালুয়া-রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনের ঘোষণা দেবে। যার ফলাফল ৭ জানুয়ারি ঘোষিত হবে। এখানে জনসাধারণের ইচ্ছা কোনো বিষয় নয়।’
রিজভী বলেন, ‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। তারা সাময়িকভাবে নির্যাতিত, কিন্তু একদিন এগুলো প্রতিঘাত হিসেবে ঘুরে দাঁড়াবে। বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়ে ধরনা দিত এবং বিদেশে গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলত।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১৫ বছর ধরে তৈরি করা হয়েছে গণতন্ত্রকামী ও বিরোধী প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। তারাই ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিতে পারছে। জনগণকে দরকার নেই। এই পরিস্থিতি চলতে পারে না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা এলে অনেক মানুষ বেকার হবে। কিন্তু সরকার তা ভাবছে না। একটি দেশপ্রেমী সরকার হলে সবকিছু বিবেচনা করত।’
সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ১৫টি। এজাহার নামীয়সহ অজ্ঞাত ১ হাজার ৩৯৫ জনের বেশি কর্মীকে আসামি করা হয়েছে। এই সময়ের মধ্যে ৬৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে।’
এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধ কর্মসূচির সমর্থনে আজ গণতন্ত্র মঞ্চ বেলা ১১টা ৪০ মিনিটে তোপখানা রোডে মেহরাব প্লাজার সামনে থেকে মিছিল বের করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বেলা ১১টায় মিছিল বের করবে জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট বেলা ১১টা ৩০ মিনিটে তোপখানা রোড বিএমএ ভবনের সামনে থেকে, গণ অধিকার পরিষদ বেলা ১১টা ৩০ মিনিটে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি সকাল ১০টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকির সমানে থেকে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টা ৩০ মিনিটে তোপখানা রোডে মেহরবা প্লাজার সামনে থেকে মিছিল বের করবে। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি) বেলা ৩টায় বিজয় চত্বর হোটেল ৭১ বিজয় নগরের সামনে সমাবেশ করবে।
আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার রাত ২টায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে গাড়িতে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।