এক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আরও তীব্রভাবে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার উত্তর ধ্বংস করার পর এবার হামলা ও স্থল অভিযান চালাচ্ছে গাজার দক্ষিণে। প্রতি মুহুর্তে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করছে দখলদার সেনারা।
টানা দুই মাস ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৬ হাজার। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ১২ হাজার।
এছাড়া ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনে গাজায় আহত হয়েছে আরও প্রায় ৪৪ হাজার। মঙ্গলবার এ তথ্য জানায় অবরুদ্ধ ভূখণ্ড গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদোলু।
এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু এবং ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জন।’
বিবৃতিতে আরও বলা হয়, ভূখণ্ডটিতে এখনও প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা ইসরায়েলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।
অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নির্বাচার হামলা ও হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল। প্রায় দুই মাসের এই যুদ্ধে উপত্যকাটিতে ৪০ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে করে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে ভূখণ্ডটিতে।