‘আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিনিরা গাজায় নেতৃত্ব পাবে না’

গাজা উপত্যকার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যতক্ষণ আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি ততক্ষণ এটি ঘটবে না। বুধবার (০৬ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই পোস্টে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ মেনে নিতে প্রস্তুত বলে একটি স্ক্রিনশট অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘যারা সন্তানদের সন্ত্রাসবাদের জন্য শিক্ষিত করে, সন্ত্রাসবাদে অর্থায়ন করে এবং সন্ত্রাসী পরিবারকে সমর্থন করে, তারা হামাসকে নির্মূল করার পর গাজা শাসন করতে পারবে না।’

এর আগে হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ভূখণ্ডটি নিরস্ত্রীকরণ করার কথা জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার বেশ কিছুদিন পর গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। কোনও আন্তর্জাতিক শক্তি এই মিশনের দায়িত্ব পাবে না।