নাতিকে বাঁচাতে গিয়ে দাদার পা বিচ্ছিন্ন

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনে ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। নাতিকে ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে রফিকুলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় শিশুর বাবাও আহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার জংশনে দুই নম্বর প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন রফিকুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা। প্লাটফর্মে তার নাতি দৌড়-ঝাঁপ খেলা করছিল। অসাবধানতাবশত হঠাৎ করে প্লাটফর্ম থেকে নিচে রেললাইনের উপর পরে যায় শিশুটি।

এসময় তার দাদা নাতিকে উঠানোর জন্য রেললাইনে নামেন। কিন্তু নাতিকে উঠাতে পারলেও তিনি উঠতে পারেননি, এর মধ্যে ট্রেনও চলে আসে। আর সেই ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিছিন্ন হয়ে যায়। পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধের চিকিৎসা চলছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনে বলেন, আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।