পিকআপ ভ্যানে আগুন, পুড়ে মরল ৭ হাজার মুরগির বাচ্চা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে থাকা ৭ হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তরা পিকআপ ভ্যানের চালক মোখলেসুর রহমানের ওপর হামলাও করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। 

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।  

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস অফিসার রেজাউল করিম বলেন, ‘রাতে গাজীপুর থেকে একটি পিকআপ ভ্যান ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা–পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পিকআপ ভ্যানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পিকআপে থাকা ৭ হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের হামলায় পিকআপ ভ্যানের চালক মোখলেসুর রহমান আহত হয়েছেন।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, মাওনা শ্রীপুর থেকে পাবনাগামী পিক আপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে গাড়িতে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে গেছে। এতে কাভার্ডভ্যানের চালকের গালে আঘাত লেগেছে।