ইসি আলমগীর

নির্বাচনে বিদেশি চাপ নেই

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রকার বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। আজ সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশিরা আমাদের নির্বাচনে কখনও চাপ প্রয়োগ করেনি, কোনো নির্দেশনা দেয়নি। আইনগতভাবে তারা এটা করতে পারেনা। আমরা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন দেশের ৮২ জন নির্বাচন পর্যবেক্ষক নির্বাচন পরিদর্শন করতে আবেদন করেছেন। এছাড়া বিভিন্ন দেশের সাংবাদিকরাও আবেদন করেছেন। সাংবাদিকরা ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তার অনুমতিও নিতে হবেনা, শুধুমাত্র অবহিত করলেই চলবে। তবে তারা (সাংবাদিকরা) শুধুমাত্র বুথে গিয়ে ছবি নিতে পারবেন না। 

এ সময় আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। এরপরে বিএনপি নির্বাচনে এলে সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারও জেলা উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।