নান্দাইলে বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বিএনপির সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ছেলে নাসের খান চৌধুরীর সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা  পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার শেল নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপে ৭/৮ জন বিএনপি নেতাকর্মী আহত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করায় দুজন পুলিশ সদস্য আহত হয়। তাদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় মাজার বাসট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।