বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়েও জ্বলে উঠলেন সিকান্দার রাজা। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে আয়ারল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
হারাতেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। আইরিশদের ১৪৭ রান তারা ছাড়িয়ে যায় শেষ বলে। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৪২ বলে ৬৫ রানের ইনিংসে এই জয়ে আক্ষরিক অর্থেই নেতৃত্ব দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রাজা।
ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ঐতিহাসিক ছিল। দেশটির মাটিতে এর আগে হয়েছে ২৯৩টি ওয়ানডে, ৬৫টি টেস্ট, ৬৭ টি-টোয়েন্টি; মেয়েদের টি-টোয়েন্টি ২০টি ও ওয়ানডে ১০টি। তবে কোনো ম্যাচই হয়নি দিবারাত্রি বা ফ্লাডলাইটের আলোয়। গতকাল প্রথমবার লাইটের আলোর নিচে ঘরের মাঠে খেলে তারা।
ম্যাচের পর দুই অধিনায়কই সবার আগে বলেছেন ম্যাচটি কতটা দারুণ ছিল। আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের ভাষ্য, ‘হয়তো হারের কয়েকটি দিক বলতে পারবেন, তবে দুর্দান্ত ম্যাচ ছিল।’ রাজার মতে, ‘ইতিহাসের অংশ হয়ে ভালো লাগছে, সমর্থকদের ধন্যবাদ।’
লক্ষ্য তাড়ায় পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। পরে ৯-১৫ ওভারের মধ্যে আরও ৩টি উইকেট হারানো দলটির এক প্রান্ত ধরে রাখেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেন টানা চারটি ফিফটি।
শেষ দুই ওভারে যখন ১৩ রান প্রয়োজন, ১৯তম ওভারে ৪ রান তুলতে রাজা ও লুক জঙ্গুয়েকে হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। শেষ ৬ বলে ৯ রানের লক্ষ্যে প্রথম চার বলে ৭ রান নিয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন ব্যারি ম্যাককার্থি ও রিচার্ড এনগারাভা। কিন্তু পঞ্চম বলে এনগারাভার বিদায়ে ম্যাচে ছড়ায় রোমাঞ্চ ও উত্তেজনা।
শেষ বলে তখন জিম্বাবুয়ের চাই ২ রান, আয়ারল্যান্ডের একটি উইকেট। ম্যাককার্থির বলে ২ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ব্লেসিং মুজারাবানি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের কেউ খেলতে পারেননি বড় ইনিংস। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার অ্যান্ডি বালবার্নি। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল অধিনায়ক পল স্টার্লিং (১৪), লর্কান টাকার (২১), হ্যারি টেক্টর (২৪) ও গ্যারেথ ডেলানি (২৬)।