নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে ২টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় শহীদ উল্যাহ (৫০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতরা। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্যাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ জানান, শুক্রবার ভোর রাতের দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত ভোর ৩ থেকে ৪টার মধ্যে পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। ওই সময় তারা নূর জুয়েলার্স, মা-মনি জুয়েলার্সের গ্রিল কেটে ডাকাতি করে। ডাকাত দল মা-মনি জুয়েলার্সের স্বর্ণের লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
মেসার্স নূর জুয়েলার্সের মালিক নুর আলম জানান, একই সময়ে নূর জুয়েলার্স থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াইশ ভরি রুপা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেন নৈশ প্রহরী শহীদ উল্যাহ। এ সময় ডাকাতরা মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডাকাত দল নৈশ প্রহরীর মাথায় আঘাত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।