তাপিয়ার সঙ্গে 'ঝামেলা নেই' স্কালোনির

ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা সপ্তাহ দুয়েক আগে বলেছিলেন লিওনেল স্কালোনি। ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার প্রধান কোচের চাকরি ছাড়ার। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছেন স্কালোনি, এসব খবর ছড়াতে থাকে। অবশেষে সেসব নিয়ে মুখ খুললেন লিওনেল মেসিদের কোচ।

স্কালোনি বলেছেন, তাপিয়ার সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে আর্জেন্টিনা কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কি না, এখনো ভাবছেন তিনি। মায়ামিতে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে যোগ দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন স্কালোনি, ‘কোচের দায়িত্বে আছি বলেই এখানে এসেছি। ব্রাজিল ম্যাচের পর বলেছিলাম, এখন আমার ভাবার সময়। আমি এখনো সে জায়গাতেই আছি। এত দিন কী অর্জন করেছি আর সামনে কী কী আছে এবং কী করতে হবে, এসবই ভাবতে হবে।’

গত ২২ নভেম্বর মারাকানায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলে জানান। তখন পর্যন্ত এ নিয়ে এএফএ প্রেসিডেন্ট বা খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেননি তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানায়, কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে অংশ নেবেন না স্কালোনি। তবে গত রাতে মায়ামিতে অনুষ্ঠিত ২০২৪ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে ঠিকই উপস্থিত ছিলেন তিনি।

২০১৮ বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার কোচের দায়িত্বে আছেন স্কালোনি। তার কোচিংয়ে ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। গত বছর কাতারে বিশ্বকাপ জেতার পর এএফএ তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে। তবে তত দিন পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকতে চান কি না, স্কালোনি নিজেই নিশ্চিত নন।

এএফএ প্রেসিডেন্ট তাপিয়ার সঙ্গে দূরত্বের কারণে স্বস্তিবোধ করছেন না স্কালোনি এবং এটিই তার চলে যাওয়ার অন্যতম কারণ বলে আর্জেন্টাইন ফুটবলে যে গুঞ্জন আছে, সেটি নিয়েও কথা বলেছেন বিশ্বকাপজয়ী কোচ।

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সময়সীমা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘না, নেই। এখানে বলাবলি হয়েছে এমন কয়েকটি বিষয় পরিষ্কার করা দরকার। আমার সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক সব সময়ই ঠিকঠাক ছিল। দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যাপারটা আসলে এর বাইরে। ভবিষ্যৎ নিয়ে ভাবার সিদ্ধান্তটা একান্তই আমার এবং কোচিং স্টাফদের। ভাবনাটা জাতীয় দলের জন্য কিসে ভালো হয় সেখান থেকে, যেটা আমরা সব সময়ই ভাবি।’