আর্জেন্টিনার চমক: দল ‎চূড়ান্তের আগে ৬ ফুটবলারকে ডাকলেন স্কালোনি ‎

আপডেট : ২৭ মে ২০২৬, ০২:৪০ পিএম

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ১৬ দিন। ঠিক এই মুহূর্তে এখনো নিজের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা না করলেও, প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের জন্য হুট করেই ৬ নতুন মুখকে দলে ডেকেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।

‎ইএসপিএন এবং ইনফোবে -এর দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাটিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে যোগ দেবেন এই ফুটবলাররা। এরপর আগামী ১৬ জুন কানসাস সিটিতে।

‎স্কালোনির ডাকা এই তালিকায় আর্জেন্টিনার ঘরোয়া লিগের তরুণ প্রতিভাদের পাশাপাশি ইউরোপে খেলা একজন ডিফেন্ডারও রয়েছেন-

‎নিকোলাস কাপাল্দো (হামবুর্গ এসভি, জার্মানি - রাইট ব্যাক/মিডফিল্ডার), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট - গোলরক্ষক), তোমাস আরান্দা (বোকা জুনিয়র্স - অ্যাটাকিং মিডফিল্ডার), হোয়াকিন ফ্রেইতাস (রিভার প্লেট - ফরোয়ার্ড), ইগনাসিও ওভান্দো (রোজারিও সেন্ট্রাল - ডিফেন্ডার), সিমন এসকোবার (ভেলেজ সার্সফিল্ড - লেফট ব্যাক)

‎২৭ বছর বয়সী নিকোলাস কাপাল্দো জার্মানির হামবুর্গের হয়ে এই মৌসুমে ২৭টি ম্যাচ খেলে দুর্দান্ত ফর্মে আছেন। আর্জেন্টিনার মূল রাইট-ব্যাক নাহুয়েল মলিনা এবং গনজালো মন্তিয়েলের ইনজুরি সমস্যার কারণে কাপাল্দোকে ব্যাক-আপ হিসেবে ভাবা হচ্ছে। সাংবাদিকদের মতে, এই ৬ জনের মধ্যে কাপাল্দোরই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সবচেয়ে বাস্তবসম্মত সুযোগ রয়েছে।

‎ফিফার নিয়ম অনুযায়ী, গুরুতর ইনজুরির কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত মূল স্কোয়াডের যেকোনো খেলোয়াড়কে পরিবর্তন করা যায় (তবে তাকে অবশ্যই ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকতে হবে)।

কাতার ২০২২ বিশ্বকাপে শেষ মুহূর্তে ইনজুরির কারণে নিকোলাস গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া ছিটকে গেলে তড়িঘড়ি করে আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে উড়িয়ে আনতে হয়েছিল। এবার যুক্তরাষ্ট্র সফরের প্রীতি ম্যাচগুলোতেই অতিরিক্ত খেলোয়াড় সাথে রেখে সেই ঝুঁকির হাত থেকে বাঁচতে চান স্কালোনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত