অ্যাথলেটিক্স ক্যাম্প বন্ধের ঘোষণা দিলেন সেক্রেটারি

বন্ধ হয়ে গেল অ্যাথলেটিক্সের জাতীয় ক্যাম্প। গত মাসের ১৩ নভেম্বর শুরু হয়েছিল এবারের ক্যাম্প। বৃহস্পতিবার অনুশীলনের পর ফেডারেশন সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ক্যাম্প বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ‘অনিবার্য কারণে ক্যাম্প বন্ধ করা হচ্ছে। জাতীয় মিটের পর আবার ক্যাম্প শুরু করা হবে।’ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে জাতীয় সামার মিট হওয়ার কথা রয়েছে। এর আগে দুইবার মিট শুরুর ঘোষণা দিয়েও তা স্থগিত করে ফেডারেশন। কিন্তু সাউথ এশিয়ান গেমসের পরবর্তী আসরকে লক্ষ্য করে পদকজয়ী অ্যাথলেটদের নিয়ে ফেডারেশন ক্যাম্প শুরু করেছিল। এবার সেটিও বন্ধ হয়ে গেল।

সাধারণত ট্রায়ালের মাধ্যমে ক্যাম্প শুরু হয়। তবে ১৩ নভেম্বর শুরু হলেও এই ক্যাম্পের ট্রায়াল হয় ২৪ নভেম্বর। তারপর হঠাৎ করেই বন্ধ ঘোষণা করা হলো সেটি। থাইল্যান্ডে মার্শাল আর্ট গেমস স্থগিত হওয়ায় সাতার ফেডারেশন ক্যাম্প শুরুই করেনি। তবে অ্যাথলেটিক্স ফেডারেশন নিজের উদ্যোগেই ক্যাম্প শুরুর পর তা চালিয়ে নিচ্ছিল। হ্যান্ডবল স্টেডিয়ামে প্রায় তিন সপ্তাহ চলার পর বন্ধ হয়ে যাওয়ায় অ্যাথলেটদের অনুশীলন ও উন্নতির পাশাপাশি আর্থিক অপচয়ের বিষয়টিও সমালোচনার অংশ হয়েছে। সেই তীর গিয়ে বিঁধছে ফেডারেশনের সেক্রেটারির দিকেই।

বৃহস্পতিবারই জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাথলেটিক্সকে নতুন ফটোফিনিশিং হস্তান্তর করে। অ্যাথলেটিক্সে নতুন টার্ফের পাশাপাশি ফটোফিনিশ মেশিনসহ আনুষাঙ্গিক আরো কিছু চাহিদা ছিল ফেডারেশনের। ফটোফিনিশ মেশিনের সঙ্গে ইলেকট্রনিক গানও বুঝিয়ে দেওয়ার হয়। আনন্দের এমন সংবাদের মাঝেই ক্যাম্প বন্ধের ঘোষণা এলো হঠাৎ করে।