ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শুক্রবার (৮ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রায়পুর দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৮৮২৬) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম দেশ রূপান্তরকে জানান, বাস দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৪ জন আহত যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠানো হয়। তবে কেউ মারা গেছে কিনা এখনও জানি না। বাসটি উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে বাস উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে এবং যান চলাচল বন্ধ রয়েছে।