ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি মসলাজাত এই পণ্যটির দাম বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা। এমন পরিস্থিতিতে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ জেলাপর্যায়ে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির গতকালের অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১৩৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল শনিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিমসহ ৫৭টি টিমের অভিযান পরিচালিত হয় সারা দেশে। এ সময় ভোক্তা অধিকার রক্ষায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও ভোক্তাপক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সব মিলিয়ে সারা দেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীকালও (রবিবার) অব্যাহত থাকবে বলে জানায় অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। রাজধানীর বাজারে কেজিপ্রতি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে বৃহস্পতিবার দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।