ইসরায়েল

গাজা যুদ্ধ আরও দুই মাস স্থায়ী হতে পারে

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় টানা দুই মাস ধরে চলছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ। এরই জেরে পুরো উপত্যকাজুড়ে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি চেষ্টা করলেও খুব শীঘ্রই যুদ্ধ থামবে না বলে জানিয়েছে ইসরায়েল। এমনকি গাজায় অভিযান শেষ করতে আরও অন্তত দুই মাস সময় দরকার বলে মনে করছে দেশটির কর্মকর্তারা। খবর আল জাজিরা ও এবিসি নিউজ।

সম্প্রতি ইসরায়েলের গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাস যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতে থাকবে। এর পর বাকি বন্দিদের মুক্তির জন্য চেষ্টা করে যাবে ইসরায়েল বলে জানান কর্মকর্তারা।

অন্যদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের বর্তমান তীব্রতা আরও দুই মাস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে গাজায় বেসামরিক হতাহতের বিষয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সতর্কতার বিষয়ে গ্যালান্ট জানান যে, "ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সাথে লড়াই করছে না। আমরা হামাস সন্ত্রাসী সংগঠনের সাথে যুদ্ধ করছি।"

গত দুই মাসে গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছে ১৭ হাজার ৭০০ জন ফিলিস্তিনি। যাদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।