মহাখালীতে ফিলিং স্টেশনে দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় সালাউদ্দিন (৩৮) নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, সালাউদ্দিনের শ্বাসনালীসহ ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া বিস্ফোরণে তার শরীরে জখম হয়েছিল।

তিনি জানান, এই ঘটনায় ভর্তি মাসুমের ৬০ শতাংশ, রানার ৫ শতাংশ, মামুনের ৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, কামালের ১৫ শতাংশ ও মাথায় আঘাত, এবং আমির হোসেনের ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।

এদিকে মৃত সালাউদ্দিনের শ্যালক মো. জসিম জানান, তাদের বাড়ি ফেনীর সদর উপজেলায়। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কাচপুর উত্তর সেনপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করতেন তিনি। ঘটনার দিন সালাউদ্দিন, রানাসহ কয়েকজন মহাখালী রয়েল পেট্রোল টাম্পের গ্যাস সিলিন্ডার মেরামতের জন্য গিয়েছিলেন। সেখানে মেরামতের সময় বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন।

এরআগে, বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের।