রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাইড শেয়ারিং এ্যাপ পাঠাও এর চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) ও সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, সাইফুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মোহাম্মদ রফিক উল্লাহ। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। আর সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। তার বাসা মিরপুর-২ জনতা হাউজিং এলাকায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা ছিল। শুক্রবার রাতে তেজগাঁও থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানী আমতলি এলাকায় পিছন দিক থেকে কাভার্ডভ্যান তাকে বহনকারী মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এসআই আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি শনাক্ত করা সহ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।