রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় আমির হোসেন শুভ (৩৫) নামে একজন মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ৩।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, আমিরের শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি জানান, এই ঘটনায় মাসুম ৬০ শতাংশ, রানা ৫ শতাংশ, মামুন ৫ শতাংশ, জীবন ৮ শতাংশ ও কামাল ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন।
মৃত আমির হোসেনের ভাই হাবিবুর রহমান জানান, তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ষোল আনা গ্রামে। বাবার নাম সেলিম শেখ। বর্তমানে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। মহাখালী রয়েল সিএনজি পাম্পের ক্যাশিয়ার ছিলেন আমির।
এর আগে, বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের। রোববার রাতে মারা যান সালাউদ্দিন।