রাজধানীর মিরপুর-১১তে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাপন নামর ওই যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরপুর-১১ নম্বর সেকশনে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনের ব্যস্ত রাস্তায় থেমে থাকা কয়েকটি অটোরিকশার মাঝে একটি ককটেল বিস্ফোরণ হয়। এর পরপরই আরেকটি বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন বেশ কয়েকজনকে আগুন ও দোয়ার মাঝখান থেকে জীবন বাঁচাতে দৌড়ে সরে যেতে দেখা যায়।