গাজায় স্থল অভিযান

ছেলের পর ভাগনেকে হারালেন ইসরায়েলি মন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের চলমান স্থল অভিযানে ছেলের মৃত্যুর পর এবার ভাগনের মৃত্যু দেখলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি আইসেনকোটের।

স্থানীয় সময় শুক্রবার গাজার খান ইউনিসের একটি মসজিদের ভিতরে অভিযান চলাকালীন বিস্ফোরণের কারণে নিহত হন গাদি আইসেনকোটের ভাগনে মাওর কোহেন আইসেনকোট।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এর আগে গত ৭ ডিসেম্বর জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কাছে একটি টানেল শ্যাফ্টে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন গাদি আইসেনকোটের ছেলে গাদ আইসেনকোটের। এর ঠিক একদিন পর ৯ ডিসেম্বর ভাগনেকেও হারালেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, শুক্রবার খান ইউনিসের মসজিদে অভিযান চালাচ্ছিল মাওর কোহেনসহ কয়েকজন ইসরায়েলি সেনা। ওই সময় হামাসের প্রতিরোধের মুখে পড়েন তারা। তাদের কাছাকাছি বিস্ফোরণ ঘটায় হামাস।

আইডিএফ জানায়, বিস্ফোরণটি ইসরায়েলি সৈন্যদের খুব কাছাকাছি হয়েছিল এবং মন্ত্রীর ভাগনের সঙ্গে সেদিন জোনাথান ডিন জুনিয়র হাইম নামে আরেক সেনা প্রাণ হারিয়েছিলেন।

আইডিএফের দাবি, ইসরায়েলের স্থল অভিযানের সময় মসজিদের ছাদে অবস্থান নিয়েছিলেন হামাসের একজন যোদ্ধা। এ ছাড়া মসজিদের ভেতরে অবস্থিত সুড়ঙ্গ থেকে হামাসের আরও সদস্যরা বের হয়ে আসেন। তখন মসজিদের ওপর বিমান হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেওয়া হয়।

নিহত মাওর কোহেন দপ্তরবিহীন মন্ত্রী গাদি আইসেনকোটের সৎ বোনের ছেলে ছিলেন।

গতকাল ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়োত আহরোনাত জানায়, যুদ্ধে এখন পর্যন্ত ৫ হাজার সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার সেনা গুরুতর জখম হয়ে হাত-পা হারিয়েছেন।