খুলনায় পেঁয়াজ বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় পেঁয়াজের অতিরিক্ত দাম নেওয়া এবং মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর । গতকাল সোমবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজার ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারে অভিযান চালায়। এতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে।

 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে। তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান পরিচালনা করা হয়। এতে পেঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়া এবং ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারের মামুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।