পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় শব্দদূষণ রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
শনিবার (২৮ নভেম্বর) পরিচালিত এই অভিযানে মানমাত্রার চেয়ে বেশি শব্দের হর্ণ ব্যবহারের দায়ে চারটি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি আটটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হিমেল মিয়া এবং মাহফুজ আনান যৌথভাবে এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় সংশ্লিষ্ট কার্যালয়ের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন এবং সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।