আড়াইহাজারে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের একটি দল। এতে হামলাকারী শরীফ (৪০) এবং সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। 

রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে বের হন। এ সময় তারা নতুন বান্টি গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির পাশে নম্বরবিহীন একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশ আলমগীরকে মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান তার ছোট ভাই মোস্তাকিম ওই মোটরসাইকেলটি পাল্লা এলাকার আবুলের ছেলে পাভেলের (২০) কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছে।

পরে পুলিশ পাভেলের বাড়িতে গেলে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। এসময় পুলিশ পাভেলকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর হামলা করে এবং পাভেল পালিয়ে যান। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে পুলিশের উপর হামলাকারী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ শরিফ গুলিবিদ্ধ হন। পরে আহত শরিফকে ঢাকা মেডিকেল হাসপাতালে এবং পুলিশ সদস্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।