এবার কোন ঝুকি নয়। সম্ভাব্য সেরা একাদশ নিয়েই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে স্বাগতিক ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচে একাদশে ফিরেছেন দুই মিডফিল্ডার।
এএফসি কাপের ডি গ্রুপ সেরা হতে কিংসের প্রয়োজন ১ পয়েন্ট। তবে একাদশ দেখেই বোঝা যায় জয়ে চোখ রেখে ছক কষেছেন কিংস কোচ অস্কার ব্রুজোন। গোলের মূল দায়িত্ব ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের। পেছন থেকে তাকে বলের জোগান রবিনহোর সঙ্গে থাকবেন আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও রাইট উইঙ্গ পজিশনে রাকিব হোসেন।
চোট থেকে ফেরা আইভরিয়ান চার্লস দিদিয়ের ও উজবেক আসরর ববুরবেকের দায়িত্ব মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়া। আর তরুণ কিপার মেহেদী হাসান শ্রাবনের সামনে রক্ষণ প্রাচীর হয়ে দুই সেন্টার ব্যাক তারিক কাজী ও ববুরবেকের সঙ্গে থাকবেন বিশ্বনাথ ঘোষ ও সাদউদ্দিন।
চোটের কারণে ঘরের মাঠে মাজিয়ার বিপক্ষে খেলতে পারেননি রবিনহো ও দিদিয়ের। ওদিকে স্বাগতিক ওড়িশাও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে নামবে। চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন সেনেগালিজ সেন্টারব্যাক এম পল। ডু ওর ডাই ম্যাচে তাকে ফিরিয়েছে ওড়িশা। আর মোহনবাগানের বিপক্ষে আইএসএল এর ম্যাচে চোট পেলেও শেষ পর্যন্ত খেলতে দেখা যাবে দলটির মরোক্কান প্লে-মেকার আহমেদ জাহোকে।