বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথম দিন শেষে আলো কেড়ে নিয়েছেন স্পিনাররা। দক্ষিণাঞ্চলের শেখ মেহেদি ও উত্তরাঞ্চলের নাঈম আহমেদ ৪টি করে উইকেটে পেয়েছেন। ব্যাট হাতে ফর্ম ও রান দুটোই ফিরে পেয়েছেন মধ্যাঞ্চলের মাহিদুল ইসলাম অঙ্কন।
সিলেটে দক্ষিণাঞ্চলের স্পিনারদের ঘূর্ণিবিষে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১৯ রানেই। শেখ মেহেদির চার উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন তানবীর হায়দায় ও মঈন খান। আটে নেমে ৮৬ বলে উত্তরাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন নাহিদুল ইসলাম। ৭৩ বলে ৪৭ রান করেন আবদুল্লাহ আল মামুন। সপ্তম উইকেটে বিপ্লবের সঙ্গে একটি পঞ্চাশ রানের জুটি গড়েন নাহিদুল।
জবাবে ব্যাটিংয়ে নেমে থিতু ব্যাটিংয়ে উইকেট হারাতে দেননি প্রান্তিক নওরোজ নাবিল ও পিনাক ঘোষ। বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ দক্ষিণাঞ্চলের।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৭৪.৩ ওভারে ২১৯ (নাহিদুল ৫১, মামুন ৪৭, আকবর ৩০, বিপ্লব ২৩; মেহেদি ১৯-৩-৬৩-৪, তানবীর ৭.৩-২-২৪-২, মইন ৮-২-২৫-২)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৩ ওভারে ১৯/০ (পিনাক ৮*, প্রান্তিক ৬*)
চট্টগ্রামে আরেক ম্যাচে অঙ্কনের ব্যাটিং দৃঢ়তায় ৯ উইকেটে ২৬৬ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। দিন শেষে ১৬৪ বলের ইনিংসে ১০ চারের সাহায্যে ৭৭ রান করে অপরাজিত আছেন অঙ্কন। এছাড়া ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পেরে ফিরেছেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। ৮৮ বলে ৪৩ রান করেন সাদমান। সাইফের ব্যাটে আসে ৬৯ বলে ৩৪ রান। তবে নাঈম শেখ ও রনি তালুকদার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
পূর্বাঞ্চলের হয়ে দারুণ বোলিংয়ে চার উইকেট শিকার করেন অফ স্পিনার নাঈম আহমেদ। ৬১ রানে ৪ উইকেট নেন তিনি। পেসার খালেদ আহমেদ ৫৭ রানে নেন ৩ উইকেট। পর পর দুই ম্যাচে পাঁচ উইকেট পাওয়া নাসুম এদিন ভালো বোলিং করলেও শিকার করেন মাত্র ১ উইকেট। রিপন মণ্ডলকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন অঙ্কন।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৮৫.৪ ওভারে ২৬৬/৯ (অঙ্কন ৭৭*, সাদমান ৪৩, সাইফ ৩৪, তাইবুর ২৮, নাঈম ইসলাম ২৭, শুভাগত ২৩; নাঈম আহমেদ ২১.৪-৩-৬১-৪, খালেদ ১৯-২-৫৭-৩, আবু জায়েদ ১৩-১-৫৭-১, নাসুম ৩২-৮-৮৩-১)