৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টা থেকে এ রুটে চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে মঙ্গলবার ভোর ৪টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। তিনি জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে।