চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, তা কিন্তু নয়। ড্রয়ের পর তাদের পথচলা তুলনামূলক সহজ হবে বলেই ভাবা হচ্ছিল। কিন্তু একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে এখন খাদের কিনারে দলটি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশ ক্লাবটির।
সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও দল নিয়ে আত্মবিশ্বাসী এরিক টেন হাগ। কোচ মনে করেন, বিশ্বের যেকোনো দলকেই হারানোর সামর্থ্য আছে তাদের।
‘এ’ গ্রুপে ৫ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ইউনাইটেড। সমান ৫ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে কোপেনহেগেন ও গালাতাসারাই। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে।
শেষ ম্যাচে মঙ্গলবার বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। পরের রাউন্ডে যেতে হলে তাদের বায়ার্নকে হারাতেই হবে, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন কোপেনহেগেন ও গালাতাসারাইয়ের ম্যাচটি ড্র হয়।
তবে চলতি মৌসুমে ছন্দহীন ইউনাইটেডের জন্য বায়ার্নকে হারানোটা মোটেও সহজ হওয়ার নয়। প্রিমিয়ার লিগে ছয় নম্বরে থাকা দলটি নিজেদের সবশেষ ম্যাচে গত শনিবার বোর্নমাউথের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে। বায়ার্নের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দেখায় রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরেছিল ইউনাইটেড।
বাঁচা-মরার লড়াইয়ের অবশ্য ভালো ফলাফলের ব্যাপারে বেশ আশাবাদী টেন হাগ, 'আমরা ধারাবাহিক নই, তবে আমাদের ভালো পারফরম্যান্স আছে। আমরা যদি সঠিক পথে থাকি, তাহলে যে কোনো দলকেই হারাতে পারি।'