রেফারির সিদ্ধান্তে ‘বিস্মিত’ ইউনাইটেড, ম্যাগুয়ারের লাল কার্ডে নাটকীয় ড্র

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ এএম

বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও আলোচনা থামছে না ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে। পেনাল্টি দেওয়া এবং না দেওয়া নিয়ে রেফারির ‘অসংলগ্ন’ সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউনাইটেড শিবির। বিশেষ করে হ্যারি ম্যাগুয়ারের লাল কার্ড এবং আমাদ দিয়ালোর পেনাল্টি আবেদন নাকচ হওয়া নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক।

ভাইটালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টি বক্সের ভেতর আমাদ দিয়ালোকে আদ্রিয়েন ট্রুফার্ট টেনে ধরলে পেনাল্টির জোরালো আবেদন জানায় ইউনাইটেড। কিন্তু রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল তাতে সাড়া দেননি। অথচ এর কিছুক্ষণ আগেই ম্যাথিউস কুনিয়াকে একই কায়দায় টেনে ধরার অপরাধে ইউনাইটেডকে পেনাল্টি দিয়েছিলেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, “সিদ্ধান্তগুলো একেবারেই বিভ্রান্তিকর। আমি বুঝতে পারছি না কীভাবে একজন রেফারি একই ধরনের ফাউলে একবার পেনাল্টি দেন আর পরের বার দেন না। এটা পাগলামি ছাড়া আর কিছু নয়।”

ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও যোগ করেন, “দিয়ালোর ক্ষেত্রে যা হয়েছে, সেটা পরিষ্কার পেনাল্টি ছিল। ভিএআর কেন এখানে হস্তক্ষেপ করল না, সেটা আমার বোধগম্য নয়।”

ইংল্যান্ড দলে প্রায় দুই বছর পর ডাক পেয়ে দিনটি উদযাপনের সুযোগ ছিল হ্যারি ম্যাগুয়ারের সামনে। কিন্তু ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে বক্সের ভেতর ইভানিলসনকে বাধা দিতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এরপর জুনিয়র ক্রুপি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান (২-২)।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যান্ডি কোল স্কাই স্পোর্টসে বলেন, “ইভানিলসন খুব সহজেই পড়ে গিয়েছিল। ম্যাগুয়ারের লাল কার্ডটা বড্ড বেশি কঠোর হয়ে গেছে।” তবে সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপ রেফারির পক্ষ নিয়ে বলেন, “ম্যাগুয়ার গোল করার সুযোগ নষ্ট করেছেন, তাই লাল কার্ড যুক্তিসঙ্গত।”

কিন্তু কেন হস্তক্ষেপ করল না ভিএআর? বিতর্ক যখন তুঙ্গে, তখন প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার থেকে জানানো হয়, দিয়ালোর ক্ষেত্রে শারীরিক সংস্পর্শ পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট ছিল না। অন্যদিকে ম্যাগুয়ারের ক্ষেত্রে ‘ক্লিয়ার গোল স্কোরিং অপর্চুনিটি’ নস্যাৎ করার দায়ে লাল কার্ড বহাল রাখা হয়।

ফুটবল বোদ্ধাদের মতে, ভিএআর-এর কাজ সব সিদ্ধান্তে সমতা আনা নয়, বরং ‘স্পষ্ট ভুল’ সংশোধন করা। কিন্তু মাঠের রেফারির দেওয়া ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কারণে ফুটবল সমর্থকদের মধ্যে ভিএআর-এর কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত